পুজোয় টেলিমেডিসিন পরিষেবা
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
শারদীয়ার আনন্দের মধ্যেও অনেক সময় আকস্মিক অসুস্থতার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। পুজোর দিনগুলোতে ডাক্তার বা হাসপাতালের কাছে যাওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি সময়ও নষ্ট হয় অনেকখানি। সেই সমস্যার সমাধান নিয়েই এগিয়ে এলেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের BMOH ডাক্তার সালমান মন্ডল।
তিনি জানিয়েছেন, এবছরও দুর্গাপুজোর অষ্টমী, নবমী ও দশমী— অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর, ১লা ও ২রা অক্টোবর— তিনদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষ ফোন করলেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে— ৯৪৭৫১৯০৭৮৯।
ডাক্তার সালমান মন্ডল বলেন, “শারদীয়ার সময়ে অনেকেই নানা কারণে চিকিৎসার সুবিধা পান না। তাই পুজোর এই তিন দিন টেলি মেডিসিনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। গত বছরও একইভাবে পরিষেবা দিয়েছিলাম এবং প্রায় দেড়শোর বেশি মানুষ উপকৃত হয়েছিলেন। আশা করি এবছরও বহু মানুষ এর সুবিধা পাবেন।”
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পুজোর সময়ে বাড়িতে বসেই ডাক্তারি পরিষেবা পাওয়া একদিকে যেমন সময় বাঁচাবে, অন্যদিকে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়াও সহজ হবে। বিশেষত গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে এই উদ্যোগ সত্যিই আশীর্বাদস্বরূপ।
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টেলিমেডিসিন পরিষেবা মূলত জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর এক ক্ষুদ্র প্রচেষ্টা। তবে এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হলে আগামী বছরগুলোতেও এই উদ্যোগ আরও বড় আকারে চালানো হতে পারে।
পুজোর ভিড় ও ব্যস্ততার মধ্যেও ডাক্তার সালমান মন্ডলের এই মানবিক প্রয়াস উৎসবের আনন্দকে ছড়িয়ে দিল এক নতুন মাত্রায়। রোগীদের পাশে থেকে তাদের কষ্ট লাঘব করাই যে প্রকৃত মানবসেবা— আবারও প্রমাণ করলেন এই চিকিৎসক।







