সোনিয়া গান্ধী মোদি সরকারের ভূমিকা নিয়ে সরব: ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত নৈতিকতার পরিপন্থী
জাতীয় ডেস্ক
নতুন পয়গাম নয়াদিল্লি ২৬ সেপ্টেম্বর: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতকে কেন্দ্র করে মোদি সরকারের ভূমিকা নিয়ে আবারও সরব হয়েছেন। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান মানবিকতা এবং নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সোনিয়া একটি সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে বলেছেন, ভারতের কৌশলগত স্বার্থ এবং সাংবিধানিক মূল্যবোধের চেয়ে মোদি ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “বিদেশনীতিতে ব্যক্তিগত কূটনীতির কোনো স্থান থাকা উচিত নয়। রাষ্ট্রের সিদ্ধান্ত মানুষের নিরাপত্তা, ন্যায় এবং নৈতিকতার ভিত্তিতে হওয়া উচিত।”
সোনিয়া গান্ধী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নীতি এবং অবস্থান নিরপেক্ষ ও মানবিক হওয়া দরকার। তিনি মোদি সরকারের এমন ধরণের সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছেন, সাধারণ মানুষের মানবাধিকার ও নিরাপত্তা বিষয়গুলোকে নজরে রাখা উচিত।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোনিয়া গান্ধীর মন্তব্য কেন্দ্রীয় সরকারের নীতি ও বিদেশনীতির ওপর চাপে ফেলার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। বিশেষত ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের মতো সংবেদনশীল বিষয়ে এই ধরনের সমালোচনা সাধারণ মানুষের নজরেও আসে।








