বাংলাদেশকে হারিয়ে আজই ফাইনালের টিকিট পাকা করতে চায় মেন ইন ব্লু
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
শুরু হয়েছে এবারের এশিয়া কাপের মঞ্চে সুপার ফোরের লড়াই। শেষ হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। সুপার ফোরে অংশগ্রহণকারী দলগুলি কেউ পিছিয়ে কেউ এগিয়ে। তবে প্রতিটি ম্যাচ যেন বেশ উপভোগ্য হয়েছে ক্রীড়া প্রেমী মানুষের কাছে তা বলাই বাহুল্য। উপমহাদেশীয় এই ক্রিকেট মহাযুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ। দুটি দলই সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে জয়ের ছন্দে। ভারতীয় ক্রিকেট দল এবারের এশিয়া কাপের মঞ্চে গ্রুপ পর্বের ম্যাচ থেকে একে বারে সুপার ফোরের প্রথম ম্যাচ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে দারুন ছন্দে। সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে একদিকে যেমন ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রইলো। ঠিক তেমনি তাদের জয়ের ধারা অব্যাহত রাখল দুবাইয়ের মাটিতে। বিশেষ করে ব্যাট হাতে অভিষেক শর্মা,শুভমান গিল ও তিলক ভর্মার দুর্দান্ত ব্যাটিং সকলের নজর কেড়েছে। অন্যদিকে বল হাতে কুলদীপ যাদব, শিবম দুবে, জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়ারা প্রতিটি ম্যাচে জ্বলে উঠেছে। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে না পারলেও এদিনের ম্যাচে ব্যাটসম্যানরা দুর্ধর্ষ ব্যাটিং করেছে। অন্যদিকে বাংলাদেশ তাদের গ্ৰুপ পর্বের পরপর দুটি ম্যাচে জয়ের ফলে তারা সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছিল। শেষ ম্যাচে আফগানিস্তান কে হারিয়ে শ্রীলংকার জয়ের ফলে তারা সুপার ফোরে জায়গা করে নেয়। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ সেই শ্রীলংকার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। যেখানে সুপার ফোরের প্রথম ম্যাচে বিশ্বের ক্রীড়া প্রেমী মানুষ দেখল এক অন্য বাংলাদেশ ক্রিকেট দলকে। বল হাতে এই ম্যাচে সেরকম কেউ কিছু না করতে পারলেও সাইফ হাসান ও তৌহিদ হৃদয় দুর্ধর্ষ ব্যাটিং করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিল। তবে শেষ মুহূর্তে ম্যাচ জমে উঠলেও জয়ের হাসি হাসে বাংলাদেশ। তাদের এই জয়ের ফলে তারা যেন ফাইনাল খেলায় স্বপ্ন দেখছে। ফলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সুপার ফোরের চতুর্থ ম্যাচটি অর্থাৎ ভারত বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দুটি দলের কাছে। যে দল এই ম্যাচে জয়ের মুখ দেখবে সেই দল নিশ্চিত করবে ফাইনালে যাবার পথ। তাই ম্যাচটি যে হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস পূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়।








