বাংলার মসনদে আবার মহারাজ, সিএবি সভাপতির পদে সৌরভ গাঙ্গুলি
নতুন পয়গাম, ২৩ সেপ্টেম্বর:
বাংলার ক্রিকেট মানেই এক অন্যরকম আবেগ। সেই আবেগের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক, কলকাতার গর্ব— সৌরভ গাঙ্গুলি। মাঠে তাঁর দাপট, নেতৃত্বের ছাপ আজও ভক্তদের মনে অমলিন। এবার আবার তিনি ফিরলেন বাংলার ক্রিকেট প্রশাসনের শীর্ষ আসনে। প্রায় ছয় বছর পর ফের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সভাপতি নির্বাচিত হলেন মহারাজ।
দাদা আগেও সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছেন, সেখান থেকেই তিনি ভারতের বোর্ড প্রেসিডেন্ট পদে উন্নীত হন। তাঁর সময়েই ভারতীয় ক্রিকেটে বহু সংস্কার হয়েছিল। এবার ফের বাংলার ক্রিকেটে উন্নতির জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর সৌরভ বলেন,
“বাংলার ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করব। নতুন প্রতিভা তুলে আনা এবং পরিকাঠামো উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”
সিএবি সভাপতি হিসেবে সৌরভের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। অনেকের মতে, প্রশাসক হিসেবেও দাদা যেমন দূরদর্শী, তেমনই ক্রিকেটারদের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ সবসময় অনন্য। বাংলার মাটিতে ক্রিকেট সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে, এ ব্যাপারে ভক্তরা আশাবাদী।
গাঙ্গুলির প্রশাসনে ফেরার খবরে বাংলার তরুণ ক্রিকেটারদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়েছে। তাঁদের বিশ্বাস,
দাদার নেতৃত্বে আরও বেশি সুযোগ তৈরি হবে। নতুন প্রজন্মের ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা পাবে, যা তাদের বড় মঞ্চে উঠে আসতে সাহায্য করবে।
বাংলার ক্রিকেটের সঙ্গে সৌরভের সম্পর্ক রক্তের মতো গভীর। খেলোয়াড় থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট— সব জায়গায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। এখন দেখার ক্রিকেটীয় জীবনের মতো এই প্রত্যাবর্তনও নতুন সোনালি অধ্যায়ের সূচনা করতে পারে কিনা!








