শারদীয়া উৎসবের প্রাক্কালে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে সমাজ সচেতন ছাত্রদের মানবিক উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, নবদ্বীপ:
শারদীয়া উৎসবের আগে এক অনন্য সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল নবদ্বীপ। বৃহস্পতিবার নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের শারীরিকভাবে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে দিন কাটাল ‘খুশি ফাউন্ডেশন’-এর সদস্যরা।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণদের এই সংগঠন ব্লাইন্ড স্কুল প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এবং ছাত্রছাত্রীদের হাতে নতুন জুতো ও ছাতা তুলে দেয়। পাশাপাশি মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা করে তারা।
মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার প্রধান অধ্যক্ষ শ্যামলা নন্দ জি মহারাজ। উপস্থিত ছিলেন এপিসি ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. বিজন কুমার সাহা, ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্টজনেরা।
খুশি ফাউন্ডেশনের সম্পাদক প্রীতম সাহা জানান, “আট বছর আগে আমরা কয়েকজন বন্ধু মিলে দুর্গাপুজোর সপ্তমীর দিন অসহায় মানুষের হাতে শুকনো খাবার তুলে দিতাম। তখন থেকে প্রতিবছর শারদীয়া উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগ চালিয়ে যাচ্ছি। এবছর ব্লাইন্ড স্কুলের শিশুদের সঙ্গে দিন কাটাতে ও তাদের হাতে উপহার তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত।”
এপিসি ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জি বলেন, “বর্তমানে ছাত্রসমাজ নানা ভাবে বিভ্রান্ত হয়ে পড়ছে। কিন্তু নবদ্বীপের এই কয়েকজন ছাত্র খুশি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”
ব্লাইন্ড স্কুলের প্রাক্তন ছাত্রী জেসমিনা খাতুন বলেন, “ছাত্রদের এই সামাজিক সংগঠনের উদ্যোগে আমরা ভীষণ খুশি। আমি ওদের সঙ্গে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব।”








