সুপার ফোরে ভারতকে হারানোর হুমকি পাকিস্তান অধিনায়কের
নতুন পয়গাম, ১৮ সেপ্টেম্বর:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের আগেই স্পষ্ট বার্তা দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে পরাজিত করে গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে ওঠে পাকিস্তান। ম্যাচ শেষে সালমান আগা জানান, ভারতকে হারানোর জন্য দল পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো চ্যালেঞ্জ নিতে তারা তৈরি।
সালমান আগা বলেন, “আমরা প্রস্তুত, আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে পারব। শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। যদি গত কয়েক মাসের মতোই খেলি, তবে যে কোনো দলের বিরুদ্ধেই ভালো করব বলে আমি বিশ্বাস করি।” তবে ব্যাটিং নিয়ে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির তুলনামূলক দুর্বল বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যাটাররা ব্যর্থ হন। ফখর জামান অর্ধশতরান করলেও সাইম আয়ুব টানা তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হন। অধিনায়কের মতে, মিডল অর্ডারে রান না আসা দলকে সমস্যায় ফেলছে, আর সেটাই এখন মূল চিন্তার বিষয়।
ভারতের বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে হেরে গিয়েছিল। সেই ম্যাচে মাঠে কোনো বড় বিতর্ক না হলেও শেষে দুই দলের খেলোয়াড়রা করমর্দন করেননি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ জয়ের কৃতিত্ব উৎসর্গ করেছিলেন দেশের সশস্ত্র বাহিনীকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছিল এবং একসময় টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথাও ভেবেছিল। তবে শেষ পর্যন্ত তারা খেলতে নামেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করে।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ২০১৩ সাল থেকে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী কেবল বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়। এবারও তাই হচ্ছে এশিয়া কাপে। আগামী ২১সে সেপ্টেম্বর রবিবারের ম্যাচকে ঘিরে শুধু দুই দেশের সমর্থক নয়, পুরো ক্রিকেটবিশ্ব তাকিয়ে আছে।








