লালবাগে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য, পথ অবরোধে ক্ষোভ
রহমতুল্লাহ
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের লালবাগ দিঘিপাড়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে নিখোঁজ ছিলেন দিঘিপাড়ার বাসিন্দা সাব্বির সেখ (৩৮)। মঙ্গলবার দুপুরে তাঁর বাড়ি থেকে অল্প দূরের একটি নর্দমা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
বুধবার ময়নাতদন্ত শেষে দেহটি এলাকায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। লালবাগ দিঘিপাড়া মোড়ে তাঁরা পথ অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে, তার ঠিক পাশেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশবাহিনী। উপস্থিত ছিলেন আইসি রাজা সরকার এবং এসডিপিও। পরে ইমাম সংগঠনের প্রতিনিধি রাজ্জাক সাহেবের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে—তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করা হবে এবং আরও কেউ এই ঘটনায় জড়িত থাকলে দ্রুত তাঁদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রায় আধ ঘণ্টার অবরোধের পর স্বাভাবিক হয় যান চলাচল, তবে এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে।







