রেল-কে বেলাইন করে হাফ ডজন গোল মহামেডানের
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে এবারের আসরে ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সাদাকালো ব্রিগেড। তবে নৈহাটি স্টেডিয়ামে শনিবার যেন এক অন্য মহামেডান স্পোর্টিং ক্লাব! অনেকদিন পর বড় জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। রেলওয়ে এফসি কে বড় ব্যবধানে হারিয়ে দুরন্ত জয় পেল তারা। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল মহামেডান স্পোর্টিং ক্লাব ৬-১ রেলওয়ে এফসি। ম্যাচটিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এডিসন ১৯ ও ৫৬ মিনিটের মাথায় গোল করে। সাদা কালো ব্রিগেডের হয়ে এই ম্যাচে একটি করে গোল করে সাকা,বামাইয়া, শিবা ও লালরো। এই ম্যাচে জয়ের পাশাপাশি পরপর দুই ম্যাচ(সাদার্ন ওয়াকওভার) জিতে জয়ের ধারা অব্যাহত রাখলো মহামেডান স্পোর্টিং ক্লাব।এবারের আসরে এটি হলো সবচেয়ে বড় জয় মহামেডান স্পোর্টিং ক্লাবের। অন্যদিকে রেলওয়ে এফসি বাকি থাকা ম্যাচগুলিতে যেখানে জয় পাওয়ার দরকার ছিল সেই ম্যাচগুলিতে পরাজয়ের মুখ দেখলো তারা।রেলওয়ে এফসির হয়ে একমাত্র প্রশান্ত দাস একটি গোল করে ব্যবধান কমায়। মহামেডান স্পোর্টিং ক্লাব গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে না পারলেও,শেষে ম্যাচগুলোতে যেন নিজেদের দুর্বলতার বেড়াজাল থেকে বেরিয়ে জয়ের খোঁজে ঝাঁপিয়ে পড়ছে। ফলে এদিনের এই ম্যাচটিতে বড় ব্যবধানে জয় পেয়ে মানসিকভাবে দৃঢ়তা পেল সাদাকালো ব্রিগেড। জয়ের আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করবে বাকি ম্যাচগুলি জয়ের মধ্যে থেকে এবারের আসর শেষ করতে।








