জয়রামপুর করিমপাড়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’
অতসী মন্ডল, উলুবেড়িয়া, হাওড়া:
মাত্র চল্লিশ দিন। আর এই স্বল্প সময়েই রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে এক পরিপূর্ণ জনআন্দোলন। ইতিমধ্যেই এক কোটিরও বেশি মানুষ এই উদ্যোগে সরাসরি শামিল হয়েছেন। ২১ হাজারেরও বেশি ক্যাম্প বসে গেছে রাজ্যের সর্বত্র। প্রতিটি ক্যাম্পে উঠে আসছে পাড়ার সমস্যার খুঁটিনাটি কথা, মিলছে প্রশাসনিক আশ্বাস, খোঁজা হচ্ছে কার্যকর সমাধান।
শুক্রবার উলুবেড়িয়া-১ ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর করিমপাড়ায় আয়োজিত হয় এমনই এক কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১ এর বিডিও এইচ. এম. রেয়াজুল হক, চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান-সহ প্রশাসনিক আধিকারিক ও সদস্যবৃন্দ। স্থানীয় মানুষ এদিনের শিবিরে নানান সমস্যার কথা খোলামেলা ভাবে তুলে ধরেন। প্রশাসনের তরফে সেগুলি মনোযোগ সহকারে শোনা হয় এবং সমাধানের পথে এগোনোর আশ্বাস দেওয়া হয়।
প্রশাসনিক মহলের দাবি, বাংলায় প্রথমবার এমনভাবে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পাড়া ও গ্রামের সমস্যা চিহ্নিত ও সমাধানের রূপরেখা তৈরি হচ্ছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও উৎসাহব্যঞ্জক। তাদের কথায়, “এমন উদ্যোগে আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা আগে কোনোদিন দেখা যায়নি।”







