ইন্দাসে চুরির ঘটনায় ধরা পড়লো ব্যাটারিসহ গাড়ি, গ্রেফতার দুই অভিযুক্ত
তৌসিফ আহম্মেদ
নতুন পয়গাম, ইন্দাস, বাঁকুড়া:
চুরির ঘটনার কিনারা করতে সময় লাগল না একদিনও। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি এবং উদ্ধার হয়েছে মোট ৯টি চুরি হওয়া ব্যাটারি।
ঘটনা ইন্দাস বাজারের। জানা গেছে,গতকাল গভীর রাতে ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়াররা লক্ষ্য করেন কয়েকজন ব্যক্তি সোলার লাইট ও ব্যাটারি চুরির চেষ্টা করছে। সঙ্গে সঙ্গেই খবর যায় রাতে ডিউটি থাকা মোবাইল অফিসারের কাছে। এরপর পুলিশ দল তৎপর হয়ে ওঠে। ধাওয়া করে শেষমেশ খোসবাগ এলাকায় নাকা চেকিং-এর সময় ধরা পড়ে চোরদের মারুতি ভ্যান। গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় ৯টি ব্যাটারি।
বৈধ কাগজপত্র না দেখাতে না দেখাতে পারায় ও জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরদিনই তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত স্বীকার করেছে যে গত এক সপ্তাহ ধরে তারা এভাবেই সোলার ব্যাটারি চুরি করছিল। ইতিমধ্যেই চুরির সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে ইন্দাস থানার পুলিশ।
এই অভিযানের ফলে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে ধারাবাহিক চুরির রহস্য উন্মোচন হওয়ায় পুলিশি দক্ষতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।







