এশিয়া কাপে আজ অভিযান শুরু সূর্য এন্ড কোং-এর
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
এবারের এশিয়া কাপের মঞ্চে স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। এবারের আসরে ভারতীয় দল একেবারে অন্য মেজাজে খেলবে বলে আশা করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।যদিও তিনি জানান কোন দলই ছোট নয়। টুর্নামেন্টে প্রতিটি দল গুরুত্বপূর্ণ। পরিবেশ, আবহাওয়ার বিচারে এখানে ম্যাচে যেকোনো সময় অঘটন ঘটতে পারে। তাই প্রতিটি দলের বিপক্ষে খেলতে নামার আগে সতর্ক থাকছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের কাছে বড় চ্যালেঞ্জ প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া। সামনে স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহি থাকলেও তাদের কে হালকাভাবে দেখছ না। আয়োজক দেশ হিসেবে ভারত থাকলেও সমস্ত খেলা সংযুক্ত আরব আমিরশাহিতে হচ্ছে। তাই ভারতের ক্রিকেটাররা একেবারে অন্য অনুভূতি নিয়ে মাঠে নামার জন্য তৈরি রয়েছেন। আজ ভারত প্রথম ম্যাচে চ্যালেঞ্জ জানাবে সংযুক্ত আরব আমিরশাহিকে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত; প্রথম ম্যাচে সেই ভাবে কোন চাপের মধ্যে থাকবে না সূর্যকুমার ব্রিগেড। তবে টুর্নামেন্টে কোন দলকেই ছোট করে দেখার কোন জায়গা নেই। কে বেশি শক্তিশালী বা কোন দল দুর্বল তা তো মাঠের প্রমান হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের কাছে এশিয়া কাপ প্রস্তুতি ম্যাচ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কারণেই এশিয়া কাপের গুরুত্বটা ভারতীয় দলের কাছে বড় করে দেখা দিয়েছে। রোহিত শর্মা অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর পরে টেস্ট ক্রিকেটে শুভমান গিলের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এবার এশিয়া কাপে অধিনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে সূর্য কুমার যাদবকে। সেই কারণেই সূর্য কুমার যাদবের কাছে পাখির চোখ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচে ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। কোথাও যেন এই এশিয়া কাপের মঞ্চ হল শেখার। ভারতের কাছে কোন দল প্রতিপক্ষ সেটা বড় ব্যাপার নয়। বড় কথা হল ক্রিকেট যুদ্ধে যে কোন মূল্যে ম্যাচ ছিনিয়ে আনা। এখন দেখার বিষয় প্রথম ম্যাচটা ভারত জিতে আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান কে কিভাবে মোকাবিলা করে।
আজকের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়।
সরাসরিঃ সোনি লিভ-এ দেখা যাবে।








