বিহারে একতরফা প্রার্থী ঘোষণা নীতীশের, ফাঁপরে বিজেপি
নতুন পয়গাম, পাটনা, ৭ সেপ্টেম্বর:
বিহারে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই এনডিএ জোটে ভাঙনের চেহারা স্পষ্ট হচ্ছে। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই একাধিক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমনিতেই নীতীশের জেডিইউ, চিরাগ পাসোয়ানের এলজেপি এবং হিন্দুস্তান আওয়াম পার্টির জিতনরাম মাঝি নিজ নিজ জিদে অনড়। নীতীশ ও চিরাগ ভাল ভাল বাছাই করা শতাধিক আসনে নিজেদের প্রার্থী দিতে মরিয়া। সব মিলিয়ে বিহারে জোট ধরে রাখতে হিমশিম খাচ্ছে বিজেপি। বিরোধীদের অভিযোগ, এবার ভোটে এনডিএ হবে জগাখিচুড়ি জোট।
জানা গিয়েছে, তফসিলি জাতি সংরক্ষিত আসন রাজপুর ও কামরাট্টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রাক্তন মন্ত্রী সন্তোষ নিরালা এবং আরেকজন দলীয় নেতার নাম ঘোষণা করে দিয়েছে নীতীশের দল। রবিবার বক্সারে এক সমাবেশ থেকে জেডিইউ নেতারা এই ঘোষণা করেন। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। জানা গিয়েছে, একতরফা প্রার্থী ঘোষণায় জেডিইউ সুপ্রিমো নীতীশের সম্পূর্ণ সমর্থন রয়েছে।
এমনিতেই নীতীশকে কোণঠাসা করার অভিযোগ পাঁচ বছর আগের বিধানসভা ভোটের সময় থেকেই। তীর ছিল বিজেপি’র দিকে। আবার এনডিএ-র শরিক চিরাগ পাসোয়ানের এলজেপি নীতীশের বিরুদ্ধে প্রার্থী দিলেও বিজেপি’র বিরুদ্ধে দেয়নি। উল্লেখ্য, শেষবার ২০২০ বিধানসভা ভোটে নীতীশের দল ১১৫ আসনে লড়ে পায় ৪৩। আর বিজেপি ১১০ আসনে লড়ে জয়ী হয় ৭৪ টিতে। তবুও জোটের স্বার্থে নীতীশকেই মুখ্যমন্ত্রী রাখে এনডিএ।
তবে জেডিইউ মুখপাত্র নীরজ কুমার বলেছেন, আসন সমঝোতা নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। এলাকার মানুষের সঙ্গে কথা বলেই দুই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কাল ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পর নীতীশের দলের সঙ্গে বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠক করবে বিজেপি। তার আগে যতখানি সম্ভব দর কষাকষিতে মরিয়া শরিক দলগুলো।








