শুরু হল আজহার উদ্দিনের দ্বিতীয় ইনিংস
তেলেঙ্গানার মন্ত্রী হলেন প্রাক্তন ক্যাপ্টেন
নতুন পয়গাম, হায়দ্রাবাদ, ৪ সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন অনেক আগেই রাজনীতিতে এসেছেন। কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে জিতে সাংসদও হয়েছিলেন। এবার তাঁর রাজনৈতিক কেরিয়ারের মুকুটে নতুন পালক যুক্ত হল। বৃহস্পতিবার তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হলেন প্রাক্তন কাপ্তান আজ্জু ভাইয়া।
শনিবার আজহারউদ্দিনকে তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনীত করেছিল কংগ্রেস। বৃহস্পতিবার মন্ত্রী করা হল। নতুন দায়িত্ব পেয়ে খুশি হয়ে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দেশের বেশ কিছু রাজ্যে বিধানসভার পাশাপাশি নিম্নকক্ষ হিসেবে বিধান পরিষদও রয়েছে। যেটি কেন্দ্রের রাজ্যসভার মতো। সেই বিধান পরিষদে এবার রাজ্যপালের কোটায় বিধায়ক হিসেবে মনোনীত হন আজহার। তারপর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করল তেলেঙ্গানা সরকার।
কংগ্রেস শাসিত দক্ষিণী রাজ্য তেলেঙ্গানার বিধান পরিষদে শনিবার মনোনীত করা হয় আজহার উদ্দিনকে। এর আগে অবশ্য তিনি লোকসভার সাংসদ হয়েছেন কংগ্রেসের টিকিটে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ধন্যবাদ জানান তেলেঙ্গানা সরকার, মুখ্যমন্ত্রী রেবন্ত কুমার রেডি, মন্ত্রিসভা এবং কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে.সি বেণুগোপাল প্রমুখ শীর্ষনেতাকে।








