শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১
নতুন পয়গাম: নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হল ১ জুন সোমবার। দ্বিতীয়দফায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন ৩৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তির ফলে রাজ্যের মোট মন্ত্রীর সংখ্যা বেড়ে হল ৪১। এদিন লোকভবনে (রাজভবন) আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আর.এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। বিকেলের দিকে নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকের পর নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের ঘোষণা দেওয়া হয়।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, তাপস রায়, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও, গৌরীশঙ্কর ঘোষ, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল প্রমুখ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধায়ক রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ এবং মালতী রাভা রায়। প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন জুয়েল মুর্মু, অশোক দিন্দা, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, সুমনা সরকার, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, উমেশ রাই, নাদিয়ার চাঁদ বাউড়ি, বিশাল লামা, শান্তনু প্রামানিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, কৌশিক চৌধুরী, অমিয়া কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা ও সুমনা সরকার।
উল্লেখ্য, গত ৯ মে, (২৫ বৈশাখ) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের জাতীয় নেতাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেদিনই শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ গ্রহণের পরদিন মঙ্গলবার ফের দিল্লি রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








