নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: ক্যানিংয়ের নদীর চর ভরাট করে বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের কুলে মৌখালী ব্রিজের কাছে মাতলা নদীর তীরে বিঘার পর বিঘা চর ভরাট করে তৈরি করা হয়েছে এই বিশাল ক্যাফে। রাজ্যে পালাবদলের পর থেকেই প্রায় উধাও তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ইতিমধ্যে তাঁর কাছ থেকে সরকারি নিরাপত্তা তুলে নিয়েছে বর্তমান বিজেপি সরকার। এবার তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে নদীর চর দখলের অভিযোগ উঠল। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, কেবল ক্যাফেই নয়, শওকত মোল্লার অনুগামীরা মৌখালী ব্রিজের আশপাশে কয়েকশো বিঘা নদীর চর মাটি ফেলে ভরাট করেছে। পরবর্তীতে সেই সরকারি জমি কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
জানা গিয়েছে, এই ক্যাফের মালিক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। স্থানীয়দের অভিযোগ, বাবা শওকত মোল্লার রাজনৈতিক দাপট ও ক্ষমতাকে ঢাল করে সম্পূর্ণ বেআইনিভাবে ক্যাফেটি চালাচ্ছেন ইমরান। এর আগেও তাঁর বিরুদ্ধে ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। প্রশ্ন উঠছে, মৌখালী ব্রিজের মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যেই রয়েছে ক্যানিং মহকুমা শাসক ও এসডিপিও অফিস। এত কাছে গুরুত্বপূর্ণ সরকারি দফতর থাকার পরেও কীভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই বেআইনি নির্মাণ ও নদী ভরাটের কাজ চলল? বিজেপি নেতৃত্বের দাবি, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্তোরাঁ, কেউ বড় বড় লজ করে বসে আছে। প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব সরকারের কাছে।” ঘটনার তদন্ত দাবি করেছে স্থানীয় মহলও।








