ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের
নতুন পয়গাম, ফালতা, ১৯ মে, ২০২৬: ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের মাত্র দু’দিন আগে তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খান হঠাৎ প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। নিজের সিদ্ধান্তের পক্ষে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি ফালতার মাটির ছেলে। এখানকার মানুষের উন্নয়নই আমার লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফালতার জন্য একটি বিশেষ উন্নয়ন প্যাকেজ দিচ্ছেন, তাই আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছি। এটা দলীয় নির্দেশ নয়, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
তবে তাঁর এই ‘আত্মত্যাগের’ বক্তব্যকে অবিলম্বে চ্যালেঞ্জ জানিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, “এটি হতে পারে, বিজেপির সাথে সমঝোতার বার্তা। অথবা হতে পারে, তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা হতে পারে, তৃণমূল ফালতা পুনর্নির্বাচনে তাঁর পরাজয় নিশ্চিত জেনে জাহাঙ্গির খানের নাম দিয়ে সুকৌশলে নির্বাচন এড়িয়ে যাচ্ছে।” সিদ্দিকী আরও বলেন, “তৃণমূল কংগ্রেস যে অন্যায়, দুর্নীতি করেছে, তা বাংলার মানুষ মাফ করবে না। নতুন করে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ আর চাইবে না।”
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোর কারণ হিসেবে ‘পোলিং এজেন্টের অভাব’-এর কথা বললেও, জাহাঙ্গির খান তা সরাসরি অস্বীকার করেননি। উল্লেখ্য, গত ২৯ এপ্রিলের নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন ২১ মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়া জাহাঙ্গীর খান প্রচার বন্ধ করলেও ইভিএম-এ তাঁর নাম থাকছে। তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো বিকল্প প্রার্থী ঘোষণা করা হয়নি। আগামী ২১ মে ভোট ও ২৪ মে ফল প্রকাশের কথা রয়েছে।








