ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার, ১৬ মে: ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই প্রথমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সাগরিকা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক থেকে রাজ্যের নতুন প্রশাসনিক প্রধান একাধিক কড়া সিদ্ধান্তের ঘোষণা দেন। পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের জেরে যাতে সাধারণ মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কড়া নির্দেশ দেন তিনি। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অবৈধ টোলট্যাক্স ও অটো-টোটো থেকে তোলাবাজি বন্ধের নির্দেশ জারি করেছেন। পাশাপাশি, এতদিন রাজ্যে শাসকের আইন চালু ছিল উল্লেখ করে তিনি বলেন, “এবার থেকে আইনের শাসন জারি হবে।” পুরনো সরকারকে ব্যঙ্গ করে তিনি এই মন্তব্য করেন বলে জানা গেছে। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় এবার থেকে কঠোর হতে চলেছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবার থেকে সেই বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।








