গত বছর ভাল দাম মেলায় এবছর নতুন উদ্যমে পাট চাষে আগ্রহ দেখাচ্ছে চাষীরা
নতুন পয়গাম, নদীয়া: চৈত্রের ফসল ঘরে উঠতেই মাঠে মাঠে পাট বোনার ব্যস্ততা শুরু হয়েছে চাষীদের। নদীয়া-মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এখন পাট বোনার হিড়িক। গত বছর ভাল দাম মেলায় এবছর নতুন উদ্যমে পাট চাষে আগ্রহ দেখা যাচ্ছে চাষীদের মধ্যে। রাজনৈতিক নেতারা যখন ভোটে জিতে আগামী পাঁচ বছরের জন্য নিজেদের গদি তৈরিতে ব্যস্ত ঠিক তখনই চাষীরা ব্যস্ত দেশের জন্য অর্থ সম্পদ তৈরিতে।আমাদের দেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে পাঠ অন্যতম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং বর্ধমান জেলায় প্রচুর পরিমানে পাট চাষ হয়। কিন্তু এত হাড়ভাঙা পরিশ্রম আর বিপুল খরচের পরেও প্রতিবছরই পাটের ন্যায্য দাম না পাওয়ায় ক্রমশই পাট চাষে আগ্রহ হারাচ্ছিলেন কৃষকরা।
অনেকেই চাষ ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছিলেন। তবে গত বছরের শুরুতেই কুইন্টাল প্রতি ৭-৮ হাজার টাকা দাম মেলায় এবছর আশার আলো দেখছেন চাষীরা। গত বছর শেষপর্যন্ত পাটের সর্বাধিক দাম উঠেছিল ১৭ হাজার টাকা প্রতি কুইন্টাল। যদিও সর্বাধিক সেই দাম প্রকৃত পাট চাষীরা পায়নি। তবে সেই রেকর্ড দামে লাভবান হয়েছে ব্যবসায়িরা।








