আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে
নতুন পয়গাম, গাংনাপুর, ১৭ মে: আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নদীয়ার গাংনাপুর থানার পুলিশ। ধৃতের নাম বাপি দাস। তিনি উত্তর চব্বিশ পরগনার নিমতা থানার অন্তর্গত নন্দননগর ঝিলপার ঠাকুরতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গাংনাপুর থানা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসঙ্গতি দেখা দিলে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র নিয়েই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তবে কী কারণে তিনি গাংনাপুরে এলেন এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেলেন—সেসব বিষয়ে তদন্ত চলছে। রবিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের জন্য রানাঘাট আদালতে পাঠিয়েছে গাংনাপুর থানার পুলিশ।








