বারুইপুর রাসমাঠে মমতার জনসভা: ‘বাংলা দখল করলে দিল্লি দখল করবো’
নতুন পয়গাম, হাসান লস্কর, বারুইপুর: দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর রাসমাঠে শনিবার এক বিশাল জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর পশ্চিম ও বারুইপুর পূর্ব—এই দুই বিধানসভার উদ্যোগে আয়োজিত সভায় তিনি একাধিক রাজনৈতিক ও উন্নয়নমূলক ইস্যুতে বক্তব্য রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা দখল করলে আমরা দিল্লি দখল করবো।” তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করে সতর্ক করে দেন, “ভুলেও তিন হাজার টাকা ফর্ম ফিলাপ করবেন না।”
তিনি দাবি করেন, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প আজীবন চলবে। তিনি প্রশ্ন তোলেন, “ওরা দুই লক্ষ চাকরির কথা বলেছিল, দিয়েছে কি? এই বাংলায় অন্য রাজ্যের তুলনায় অনেক উন্নয়ন হয়েছে।” মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার ক্ষমতায় এলে আর হাসপাতালে যেতে হবে না, দুয়ারে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। তিনি বলেন, “যেমন দুয়ারে রেশন দিয়েছি, চাষিদের ইলেকট্রিক বিল কমানো হয়েছে। আমরা ১০৫টি স্কিম করেছি।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, ভোটের পরে যাদের কাঁচা বাড়ি আছে, তাদের পাকা বাড়ি হবে। “একটাও মাটির তথা কাঁচা বাড়ি থাকবে না,” বলেন তিনি। বারুইপুরের স্থানীয় পণ্যের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “বারুইপুর পিয়ারা জিআই পেয়েছে, জয়নগরের মোয়া জিআই পেয়েছে। বারুইপুরের পিয়ারা জয়নগর মোয়া আমার জন্য পাঠায় বিভাস সরদার ও বিমান দা।”
তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি ইভিএম নিয়ে সতর্ক করেন, “ইভিএম ভালো করে চেক করবেন। যারা ভোট করছেন তারা বীরের মতো লড়াই করবেন।” তিনি অভিযোগ করেন, “এসআইআর নিয়ে সবাইকে লাইনে দাঁড় করিয়েছে, আপনাদের ন্যায্য ভোটারের নাম কেটেছে। যাদের নাম কেটেছে, আজ না কাল সবার নাম উঠবেই।” বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপিকে একটিও ভোট দেবেন না। এবার বিজেপি কী বেলাইন দার করুন।” পুলিশ বাহিনী নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “রাজ্যের পুলিশরা সেন্ট্রাল পুলিশের কাছে মাথা নত করছেন কেনো, জানি না কেনো করছেন। এক থেকে দুই সপ্তাহ পরে তারা আর থাকবেনা, তখন কী হবে?”








