বিজেপি-আরএসএস দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা: মালদার চাঁচল কলম বাগানে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে তীব্র আক্রমণ করেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধি। এদিন তিনি তাঁর বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করে জিজ্ঞেস করেন, ‘আপনারা বিজেপির প্রতি বেশি ক্ষুব্ধ, তৃণমূলের প্রতি, নাকি উভয়ের প্রতি ক্ষুব্ধ? উপস্থিত জনতার উত্তর উভয়ের প্রতি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি কেন্দ্র সরকারের বিভাজনের রাজনীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তিনি নির্বাচনী সভা থেকে স্পষ্ট জানান, দেশে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে একমাত্র লড়াই করছে কংগ্রেস। আর এই লড়াই বিচারধারার লড়াই। সভায় তিনি বলেন,রাজ্যে কংগ্রেস সরকার গঠিত হলে পাঁচ দফা কাজ করবে।
তিনি প্রথমেই কেন্দ্র সরকারের নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দেশকে বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি দেশপ্রেমিক নন, একজন দেশদ্রোহী। মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে ভারতকে বিক্রি করে দিয়েছেন বলে বিরোধী দল নেতার অভিযোগ। তিনি বলেন, যখনই আমি সংসদে বলি যে আপনাদের নেতা বিক্রি হয়েগেছে, বিজেপির একজনও সাংসদ এর জবাব দিতে পারেন না। কারণ সবাই জানে যে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নিয়ন্ত্রিত।
তিনি অভিযোগ করেন,নরেন্দ্র মোদির সব সত্য এপস্টাইন ফাইলে লুকিয়ে আছে, এই ফাইলগুলির চাবি রয়েছে ট্রাম্পের হাতে। আদানি মামলার চাবিও ট্রাম্পের হাতেই রয়েছে। যেদিন সত্য প্রকাশিত হবে, সেদিন প্রধানমন্ত্রী ছাড় পাবেননা বলে দাবি বিরোধী দলনেতার। এদিনের সভায় তিনি বাবাসাহেব আম্বেদকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,বাবাসাহেব আম্বেদকার যিনি তাঁর সমগ্র জীবন সংবিধান, ঐক্য এবং ভ্রাতৃত্বের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু বিজেপি-আরএসএস এবং নরেন্দ্র মোদি দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত। এস আই আর-এ ভোটার তালিকা থেকে মানুষের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এটা সংবিধান বিরোধী বলে তিনি স্পষ্ট জানান।
তবে তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন চিন্তা করবেন না, আমাদের সরকার ক্ষমতায় এলে যাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নাম আবার ভোটার তালিকায় তোলা হবে। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারকেও তিনি নিশানা করেন। তৃণমূলের রাজত্বে বাংলায় বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন।তিনি বলেন,রাজ্যে ব্যবসা বন্ধ হয়ে গেছে,সিন্ডিকেট রাজ চলছে। জাতীয় স্তরে বিজেপি যেমন হিংসা করছে তেমনি রাজ্যে তৃণমূল করছে। তাই তিনি বলেন,একমাত্র কংগ্রেস দলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং তাকে পরাজিত করতে পারে। এস আই আর- এর নামে ভোট চুরি হচ্ছে, কিন্তু টিএমসি তা থামাতে পারবে না। একমাত্র কংগ্রেসই তা থামাতে পারে। তিনি বাংলার জনতাকে উদ্দেশ্য করে বলেন,ভয় করবেন না, আপনি বাংলার জনতা, আপনার ইতিহাস আছে। আপনারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন,সুপার পাওয়ারকে হারিয়ে জয়ী হয়েছেন। এটা ভুলবেন না। কংগ্রেসকে সমর্থন করুন। বক্তব্যের শেষে কংগ্রেস প্রার্থীদের বিধানসভায় পাঠিয়ে কংগ্রেস সরকার গঠন করার আহ্বান জানান রাহুল গান্ধি।








