‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ বিধানসভা সভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সব স্কুল কলেজের পরিচালন সমিতির পদ ছাড়লেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি ব্যান্ডেল সার্ভে কলেজ থেকে তাঁকে চিঠি দিয়ে পদত্যাগ করতে বলা হয়। সেই প্রসঙ্গে অসিত বলেন, “সার্ভে কলেজ বলছে আমি নাকি ২০২৪ সাল থেকে ওই কলেজের গভর্নিং বডির সদস্য। সেটা আমিই জানতাম না। কোনোদিন একটাও মিটিংয়ে আমি যাইনি।”
এদিকে এসবের মধ্যেই শনিবার বিকালে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার শুরু করেন অসিত মজুমদার। সুগন্ধার অমরপুরে নিজেই রঙ তুলি দিয়ে দেওয়াল লেখেন অসিত। সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় প্রথমে অভিমান হয়েছিল অসিত মজুমদারের। রাজনীতি করবেন না বলে ঘোষণাও করেছিলেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর সেই অভিমানে প্রলেপ পরে। তাই দলের হয়ে শনিবার চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমে পড়েন।
এদিকে অসিত মজুমদারের নাম না করে শনিবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আগের প্রার্থীদের ফিরিয়ে আনতে গেলে তাঁর ভালো ব্যবহার, মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা অর্জন করা প্রয়োজন। সেই প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, “তিন দিনের যোগী ভাতকে বলে অন্ন। ওকে নিয়ে আমি কিছু বলতে চাইনা।”








