চোটে কাবু সিআর সেভেন, চিন্তায় ক্লাব এবং দেশ
নতুন পয়গাম ডেস্ক: হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ফলে চিন্তিত তাঁর ক্লাব ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আর মাস তিনেকের কিছু বেশি। তার আগেই দলের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট চিন্তা বাড়াল তাঁর পর্তুগালেরও। ক্লাব ফুটবলে আল নাসেরের হয়ে খেলার সময় গত শনিবার পেশিতে টান ধরে পর্তুগিজ মহাতারকার। ম্যাচের শেষলগ্নে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে বরফ বেঁধে বসে থাকতে দেখা যায় সিআরসেভেনকে। ছবি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সৌদি ক্লাবটির মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। খোঁজ নেন রোনাল্ডোর চোটের অবস্থা। বর্তমানে একের পর এক পরীক্ষা হচ্ছে। সূত্রের খবর, চোট খুব একটা গুরুতর নয়। তবে আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে রোনাল্ডোকে। তাই চলতি মাসে আমেরিকা ও মেক্সিকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।ভক্তকুল তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।








