নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায় নাবালিকাকে বিবাহ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার তিলপি এলাকার বাসিন্দা ফিরোজ সেখ (২০)-এর সঙ্গে প্রতিবেশী সালমা সেখের (বর্তমানে ১৮) প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, তিন-চার মাস আগে দু’জনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহ করেন। সেই সময় মেয়েটি নাবালিকা ছিল বলে দাবি করে তার বাবা জয়নগর থানায় ফিরোজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বছর সালমা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বর্তমানে সে ফিরোজের বাড়িতেই বসবাস করছিল বলে জানা যায়। অভিযোগ, কেরলে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা থাকায় সালমা আধার কার্ডসহ প্রয়োজনীয় কিছু নথি আনতে বাপের বাড়ি গেলে, সেখানে তাকে আটকে রাখা হয়। মঙ্গলবার সে সেখান থেকে পালিয়ে স্বামী ফিরোজের কাছে ফিরে যায়। এরপরই মেয়েটির বাবা ফের থানায় অভিযোগ দায়ের করেন। যদিও বর্তমানে মেয়েটি সাবালিকা, তবুও নাবালিকা অবস্থায় বিবাহের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ ফিরোজ সেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার তাকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বারুইপুর মহকুমা আদালত-এ পেশ করা হয়। এদিকে, নিয়ম মেনে তরুণীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








