সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: সোনারপুরের কামরাবাদ নস্করপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী ও তাঁর ছেলের বিরুদ্ধে। সোমবার ভোররাতে আগুন লাগানোর অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে আগুন লাগে। অভিযোগের তীর তৃণমূলের নবীন নস্কর ও তাঁর ছেলের দিকে। সৌমেনের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির সামনে নোংরা ফেলা হচ্ছিল। এর প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ, এরপরই রাতে বাড়িতে এসে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। সোমবার ভোররাতে সৌমেনের বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ। আগুনে ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। সৌমেন দাসের পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বক্তব্য এখনও মেলেনি।








