প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ নাহ্,জেতার আশা ছিল না।দায়সারা টিম করে জেতা যায়ও না।ফলে হারই জুটলো কপালে।
সমর্থকরাও বুঝেছিলেন,তাই বোধহয় গ্যালারি প্রায় ফাঁকা।মাঠে দর্শকের চেয়ে পুলিশের সংখ্যা বেশি। তাতে মহমেডান কর্তাদের কোনও আপশোস নেই। বরং পরিস্থিতিকে ধন্যবাদ দিতে পারেন তাঁরা। অন্তত গো ব্যাক বা বিক্ষোভ তো হচ্ছে না! শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। বিদেশিহীন মেহরাজের দলকে ২-০ গোলে হারাল মানোলো মার্কুয়েজের দল। ম্যাচের ৪ মিনিটেই দুরন্ত হেডে জাল কাঁপান পল মোরেনো। এরপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ডেজান ড্র্যাজিক। এরপর ব্রাইসনরা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত। চলতি মরশুমে অবনমন চালু হয়েছে আইএসএলে। আপাতত রেলিগেশন বাঁচানোই মহমেডানের চ্যালেঞ্জ। পরের ম্যাচে প্রবল শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হবে ফারদিনদের। অতি বড় সমর্থকও খুব একটা আশাবাদী নন। এর আগে জুনিয়রদের লিগে হারতে হারতে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম- ম্যানেজমেন্ট। উপায় থাকলে হয়তো সিনিয়র দলও পত্রপাঠ উঠিয়ে নিতেন কর্তারা। আসলে সময় বদলায়। মহমেডান স্পোর্টিংয়ের চিত্রনাট্যে কোনও পরিবর্তন আসে না।না বদল আসে কর্তাদের চরিত্রে।








