টানা দ্বিতীয় জয় বাবরদের, দাঁড়াতেই পারলো না আমেরিকা
নতুন পয়গাম ডেস্ক: এর নামই বোধহয় পাকিস্তান। যখন তাকে নিয়ে আপনি ভালো কিছু ভাববেন, তখনই তারা অনিশ্চয়তার সাগরে আপনাকে ভাসিয়ে দেবে।আবার খারাপ ভাবলে আশ্চর্য কিছু করে দেখিয়ে দেবে। গত টি-২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হেরে মুখ পুড়েছিল পাকিস্তানের। এবার মধুর প্রতিশোধ নিলেন বাবর আজমরা। মঙ্গলবার ৩২ রানে জিতল পাকিস্তান। প্রথমে ব্যাট করে তারা তোলে ৯ উইকেটে ১৯০। জবাবে ১৫৮ রানে দাঁড়ি পড়ে আমেরিকার ইনিংসে। ফলে টানা দু’ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিরুদ্ধে নামবেন সালমন আগারা। টস হেরে ব্যাট করতে নেমে পাক ওপেনিং জুটিতে ওঠে ৫৪ রান। ১৯ রানে আউট হন সায়িম আয়ুব। তবে শাহিবজাদা ফারহান চড়া মেজাজে ৪১ বলে করেন ৭৩। এদিন শুরুতে একটু গুটিয়ে ছিলেন বাবর। পরে অবশ্য চালিয়ে খেলে ৩২ বলে ৪৬ করেন। ক্যাপ্টেন সলমন আগার সংগ্রহ মাত্র ১। শাদাব খান ১২ বলে ঝোড়ো ৩০ রান যোগ করেন। আমেরিকার শ্যাডলি ফন শ্যাল্কউইক নেন চারটি উইকেট। উল্লেখ্য, আমেরিকার জার্সিতে এদিন অভিষেক হল এহসান আদিলের। ২০১৩-১৫ সালে তিনি পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট ও পাঁচটি ওডিআই খেলেছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে আমেরিকা শুরুটা ভালোই করে। ৪২ রানে পড়ে তাদের প্রথম উইকেটে। অ্যান্ড্রিস ফেরেন ১৩ রানে। অপর ওপেনার সায়ন জাহাঙ্গিরের সংগ্রহ ৪৯। এরপর মিলিন্দ কুমার (২৯) ও শুভম রঞ্জনে (৫১) ছাড়া আর কেউ ক্রিজে টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে ১৫৮ রানে থামে আমেরিকা।পাকিস্তানের আঁটোসাটো বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি।








