ভারত-পাক জট কাটাতে লাহোরে আইসিসি কর্তারা, হল আলোচনা
নতুন পয়গাম ডেস্ক: তামাম বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ, ভারত-পাকিস্তান ম্যাচ।যার জন্য থমকে যায় পুরো বিশ্ব।যে ম্যাচকে কেন্দ্র করে নির্ভর করে আইসিসির লাভ-ক্ষতি।সেই ম্যাচ নাহলে ক্রিকেটের মজাটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জট কাটাতে রবিবার লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছিলেন আইসিসি’র দুই ডিরেক্টর ইমরান খাওয়াজা ও মুবাশির উসমানি। আলোচনা ইতিবাচক বলে খবর। তবে পিসিবি নাকি বেশ কিছু শর্ত আরোপ করেছে। তা নিয়ে আইসিসি’র বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা ভারত-পাক মহারণ। কিন্তু বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, এই প্রতিবাদ জানিয়ে ভারতের বিরুদ্ধে দল না নামানোর সিদ্ধান্ত নেয় পাক সরকার। নাটকীয়ভাবে পিসিবি লিখিতভাবে আইসিসি’কে কিছু জানায়নি। সেই কারণেই ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। আসলে এই মেগা লড়াই না হলে বিপুল লোকসান হবে আইসিসি’র। পাশাপাশি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানও। তাই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ভাবতে বাধ্য হতে হচ্ছে পাকিস্তানকে। কিন্তু শুরু থেকে তারা বাংলাদেশের পাশে থেকেছে। তাই হঠাৎ করে অবস্থান বদল করলে, বন্ধুত্বে চিড় ধরতে পারে। সেই কারণেই বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামকে লাহোরে ডেকে জরুরি বৈঠক সারলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। মনে করা হচ্ছে, আইসিসি যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেয়, সেই প্রতিশ্রুতি আদায় করতে চাইছে পাকিস্তান। এখন দেখার এই মিটিং কতটা ফলপ্রসূ হয়!








