সূর্য-তেজ আর মিয়া ম্যাজিকে অঘটন থেকে রক্ষা পেল ভারত
নতুন পয়গাম ডেস্ক:
ম্যাচের আগে টসে জিতে আমেরিকা অধিনায়ক বোলিং নেওয়ায় ডেল স্টেইন পোস্ট করেন- ৩০০ লোডিং! কিন্তু ম্যাচ শুরু হতে অন্যচিত্র। ৮ রানে প্রথম, ৪৬ রানে চতুর্থ আর ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর আলোচনার সুর যায় পাল্টে— কত রান করতে পারবে ভারত! অধিনায়ক সূর্যকুমার যাদব ত্রাতা হয়ে না দাঁড়ালে সত্যিই খুব বিপদে পড়তে পারত ভারত। ৪৯ বলে তাঁর অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত তুলতে পারে ১৬১ রান। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে তিলক বর্মার ব্যাট থেকে। ১৬১ রান তোলা ভারত শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ২৯ রানে। যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পেরেছে ১৩২ রান। ভারতকে অল্প রানে আটকে রাখতে পারার মূল কৃতিত্ব দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেস বোলিং অলরাউন্ডার শ্যাডলি ফন শাল্কভিকের। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি উইকেট ইশান কিষান, তিলক বর্মা ও শিবম দুবের। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর যুক্তরাষ্ট্রের ইনিংস পথে রাখার চেষ্টা করেন মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি। চতুর্থ উইকেট জুটিতে ৫৮ রান তোলেন তাঁরা। এ দুজনের আউটের পর আর কেউ সেভাবে উইকেটে থিতু হতে পারেননি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।যে সিরাজ স্কোয়াডেই ছিলেন না।হঠাৎ সুযোগে বাজিমাত করে বেরিয়ে গেলেন মিয়া ভাই।








