সুদীপের ব্যাটে স্বপ্ন বেঁচে রইলো বাংলার
স্টাফ রিপোর্টার: একটা ৪৩ রানে ৩ উইকেট চলে গিয়েছিল। সেখান থেকে বাংলাকে টানলেন সুদীপ ঘরামী।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কল্যাণী স্টেডিয়ামে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পাওয়া নিয়ে প্রবল সংশয় রয়েছে বাংলা।শনিবার দ্বিতীয় দিনে অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে ২৯৫ রানে। জবাবে দিনের শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটে ১৯৯। এখনও ৯৬ রানে পিছিয়ে লক্ষ্মীরতন শুক্লা-ব্রিগেড। চাপের মুখে সুদীপ ঘরামি হাল না ধরলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। ১১২ রানে ব্যাট করছেন তিনি। ক্রিজে তাঁর সঙ্গী সুমন্ত গুপ্ত (২২ ব্যাটিং)। এখন এই জুটিই ভরসা। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলার। ১ রান করে ফেরেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। অপর ওপেনার সুদীপ চ্যাটার্জী ১৩ রানে থামেন। তিনে নেমে ইনিংসের হাল ধরেন ঘরামি। তবে অন্যপ্রান্তে তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ অনুষ্টুপ মজুমদার (৯), সুরজ সিন্ধু (২০), শাহবাজ আহমেদরা (৫)। বাংলার পাঁচ উইকেট পড়ে যায় ১৫৩ রানে। ঘরামী ও সুমন্তের অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিই জাগিয়ে রেখেছে দলের আশা।
আজ এই জুটি টিকে গেলে বাংলা জয়ের স্বপ্ন দেখতে পারে।








