আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, কাপ ধরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া
নতুন পয়গাম ডেস্ক: গতকালই ভাইরা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। আজ দাদাদের পরীক্ষা শুরু। আজ থেকে শুরু হবে টি–টুয়েন্টি বিশ্বকাপ। এবার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০টি দলের অংশগ্রহণে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কুড়ি ওভারের বিশ্বকাপের ইতিহাসে টানা দু’বার কোনও দল চ্যাম্পিয়ন হয়নি। ভারতের সামনে তাই নতুন ইতিহাস লেখার হাতছানি। দু’বছর আগে টি-২০ বিশ্বকাপ জিতেছিল মেন-ইন-ব্লু। রোহিত শর্মার হাতে উঠেছিল ট্রফি। ফের চ্যাম্পিয়ন হয়ে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাতে চাইছে সূর্যকুমার-ব্রিগেড। শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, ধারে-ভারেও অপ্রতিরোধ্য দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। সাম্প্রতিক ফর্মের নিরিখে ভারতই অবিসংবাদিত ফেভারিট। শনিবার ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে অভিযান শুরু করার আগে আত্মবিশ্বাসে ভরপুর দল। বছর দুয়েক আগে বিশ্বকাপ জয়ের পর থেকে এই ফরম্যাটে মোট ন’টা সিরিজ জিতেছে ভারত। তারমধ্যে গত বছর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়াও রয়েছে। সেই দলের থেকে এখন আরও বেশি ধারালো দেখাচ্ছে সূর্যদের। আর তার নেপথ্যে ঈশান কিষানের অন্তর্ভুক্তি ও অধিনায়ক সূর্যর ফর্মে ফেরা।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা ঈশান প্রত্যাবর্তনের পর অবিশ্বাস্য মেজাজে খেলছেন। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে শতরানও করেছেন। তাঁর গনগনে ফর্মের কারণেই ওপেনার সঞ্জু স্যামসনকে বাইরে রেখে নামতে চলেছে ভারত। সঞ্জু অবশ্য রানের মধ্যে নেই। ফলে তাঁর জায়গায় ঈশান সঙ্গী হচ্ছেন অভিষেক শর্মার। মারকুটে এই ওপেনিং জুটি বিপক্ষের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। অভিষেক দীর্ঘদিন ধরেই আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে। তাঁর ব্যাটে উড়ছে আগ্রাসনের মন্ত্র। তিন নম্বরে তিলক ভার্মা। যথাসময়ে চোট সারিয়ে ফিরেছেন তিনি। প্রস্তুতি ম্যাচে পুরনো ছন্দেই দেখা গিয়েছে তাঁকে। চারে সূর্য, পাঁচে হার্দিক পান্ডিয়া, ছয়ে রিঙ্কু সিং, সাতে শিবম দুবে, আটে অক্ষর প্যাটেল। রীতিমতো বিস্ফোরক ব্যাটিং লাইন-আপ। প্রত্যেকেই ছয় হাঁকাতে পারেন অনায়াসে।
ভারতের পেস আক্রমণের দায়িত্বে যশপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। পাশাপশি দুই অলরাউন্ডার হার্দিক-শিবমও রয়েছেন। স্পিন বিভাগে আছেন অক্ষর ও বরুণ চক্রবর্তী। বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র বরুণ। পিচের নিরিখে প্রথম এগারোয় আসতে পারেন কুলদীপ যাদবও। এই দুই স্পিনার ছন্দে থাকলে বিপক্ষ ব্যাটাররা সমস্যায় পড়তে বাধ্য। তবে শিশির নিয়ে উদ্বেগ থাকছেই। মহেন্দ্র সিং ধোনি প্রতিযোগিতা শুরুর আগেই শিশির নিয়ে সতর্ক করে দিয়েছেন ভারতকে। বরুণ-কুলদীপরা অবশ্য কিউয়িদের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে শিশিরের মধ্যে বল করছেন। এরই মধ্যে জানা গেল চোট পাওয়া হর্ষিতের জায়গায় সিরাজ দলে এসেছেন।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপেঃ
ভারত-ইউএসএ।
সময়ঃ ৭ টা।
সরাসরিঃ স্টার স্পোর্টসে।








