নতুন ভোটার তালিকায় নাম তুলতে বহড়ু বিডিও অফিসে উপচে পড়া ভিড়
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু: আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই রাজ্যজুড়ে দ্রুতগতিতে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই বৃহস্পতিবার বহড়ুতে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ল। নতুন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে প্রচুর যুবক-যুবতী এদিন লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র পূরণ করে জমা দেন জয়নগর এক নম্বর বিডিও অফিস, বহড়ুতে। লক্ষণীয় বিষয়, এই লাইনে ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি।
এ বিষয়ে জয়নগর এক নম্বর বিডিও শুভদীপ দাস জানান, এসআইআর প্রক্রিয়া চলাকালীন নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এই ব্লকে প্রায় ১,৫০০ জন নতুন ভোটার হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম মেনে যাচাইয়ের পর তাঁদের নাম নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, এসআইআর-এর মাধ্যমে সংশোধিত নতুন ভোটার তালিকা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।এদিন যাতে পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই কারণে জয়নগর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয় বহড়ু বিডিও অফিস চত্বরে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই এদিনের কাজ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।








