বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও
নতুন পয়গাম তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার বিজেপি কর্মীরা সোনামুখী শহরে মিছিল করে সোনামুখী থানার সামনে পৌঁছন। সেই সময় থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়, ফলে থানা চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, একদল দুষ্কৃতী তাঁকে হেনস্থা করে এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিধায়কের দাবি, অভিযুক্তরা তৃণমূল আশ্রিত। এই ঘটনায় তিনি সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির অভিযোগ, ঘটনার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ। বরং উলটে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফে সোনামুখী থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন বিজেপি কর্মীরা সোনামুখীর দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে মিছিল শুরু করেন এবং থানার দিকে অগ্রসর হন। থানার গেটের সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। এরপরই মিছিলকারীরা জোর করে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার ফলে থানা চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতির অবনতি রুখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুরো ঘটনার উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।








