নিয়মরক্ষার ম্যাচে চাপে বাংলা, লড়ছেন একা সুদীপ
স্টাফ রিপোর্টার: হরিয়ানার সাথে রঞ্জির ট্রফির ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পড়লো বাংলা। যেহেতু কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল,তাই হয়তো কিছুটা গা ছাড়া মনোভাব।গত ম্যাচে সার্ভিসেসকে হারানোর পরেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছিল লক্ষ্মীরতন শুক্লার দল। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে নামে বাংলা। তবে সেখানে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম দিন মাত্র ১৬৮ রান সক্ষম হয় অভিমন্যুরা।যদিও খারাপ আবহাওয়ার কারনে তিন ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। তার পরে ব্যাটে নেমে ব্যর্থ হন অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, শাহবাজরা।তবে এই ব্যর্থতার মাঝেও উজ্জ্বল গত ম্যাচে দ্বি-শতক হাঁকানো সুদীপ চট্টোপাধ্যায়। প্রথম দিনের শেষে ৭৮ রানে অপরাজিত তিনি। রোহতকে, সি.এইচ. বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ম্যাচ শুরুর জন্য পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছিল না। অনেক অপেক্ষার পরে অবশেষে দুপুর ১টা থেকে শুরু হয় ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হরিয়ানা। শুরুটা ভালো করলেও বড় রান পাননি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। ৬৯ বলে ২৬ রান করে আউট হন তিনি। এর পরে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলা। সুদীপ কুমার ঘরামি আউট হন মাত্র এক রান করে। বড় রান পাননি অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদারও। উইকেটে সেট হতে সময় নেন। শেষে ৪৭ বলে ১৯ রান করে আউট হন। পাঁচে নেমে শাহবাজ ফেরেন ১৫ রানে। গত ম্যাচে বড় রান পাওয়া সুমন্ত গুপ্ত আউট হন মাত্র ৯ রানে।দ্বিতীয় দিন বাংলার ভরসার নাম সুদীপ।তিনি যদি আরও কিছুটা রান যোগ করতে পারেন,তাহলে সম্মানজনক স্কোর হয়তো খাড়া করতে পারবে বাংলা।








