ইপিএল আটকে গেলো অ্যাস্টন ভিলা
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টার: অবশেষে থমকে গেল অ্যাস্টন ভিলার বিজয় রথ। ১১ ম্যাচ পরে অপরাজিত রেকর্ড ভাঙ্গলো তাদের।পাশাপাশি জয় দিয়েই বছর শেষ আর্সেনালের। ৪-১ ব্যবধানে জিতলেন গানাররা। সেই সুবাদে লিগ টেবিলে শীর্ষে থেকেই বছর শেষ করল তারা। এক বনাম তিনের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনওরকম লড়াইয়ের জায়গা দেয়নি তারা। ম্যাচে আর্সেনালের হয়ে জাল কাঁপান যথাক্রমে গ্যাব্রিয়েল মাগালহাস, মার্টিন জুবিমেন্ডি, লিয়ান্ড্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল হেসাস। ম্যাচের সংযোজিত সময়ে অ্যাস্টন ভিলার হয়ে এক গোল পরিশোধ করেন ওলি ওয়াটকিন্স। এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্টে পৌঁছল আর্সেনাল। আর হেরে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল অ্যাস্টন ভিলা।
দিনের অপর ম্যাচে লিড নিয়েও জিততে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে উলভসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল রুবেন আমোরিমের ছেলেরা। উল্লেখ্য, মঙ্গলবার জিতলে লিগ টেবিলে প্রথম পাঁচে থেকেই বছর শেষ করার সুযোগ ছিল ম্যান ইউর সামনে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ কাসেমিরোরা। ম্যাচের ২৭ মিনিটে জোসুয়া জিকর্জির গোলে লিড নেয় রেড ডেভিলস। তবে বিরতির বাঁশি বাজার আগেই উলভসকে সমতায় ফেরান লেডিস্লাভ ক্রেসি। এরপর দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও আর গোলের দেখা পায়নি ম্যান ইউ। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রইল রুবেন আমোরিমের ছেলেরা।
বছরের শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করল চেলসিও। মঙ্গলবার বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করল এনজো মারেস্কা ব্রিগেড। ম্যাচে হোম টিমের হয়ে জাল কাঁপান কোল পামার ও এনজো ফার্নান্ডেজ। বোর্নমাউথের দুই গোলদাতা ডেবিড ব্রুকস ও জাস্টিন ক্লুইভার্ট। এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল চেলসি।
সবমিলিয়ে বছর শেষে জমজমাট ইপিএল লিগ টেবিল।








