দাদাদের অনুসরণ করতে পারলো না ভাইরা, পাকিস্তানের কাছে পর্যুদস্ত ভাইরা
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম
সম্প্রতি সিনিয়র এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তিন তিনবার পর্যুদস্ত করেছে সূর্যকুমারের দল।কিন্তু ধারাবাহিকতা উধাও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে।
ভারতকে হারিয়ে ছোটদের এশিয়া কাপ নিয়ে গেল পাকিস্তান। রবিবার দুবাইয়ে খেতাবি লড়াইয়ে বৈভব সূর্যবংশীদের ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাক-ব্রিগেড। সৌজন্যে সমীর মানহাসের ১৭২ রানের ইনিংস। টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৮ উইকেটে ৩৪৭। জবাবে ভারত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায়। এরআগে ২০১৩ সালে ভারতের সঙ্গে যৌথভাবে এই ট্রফি জিতেছিল পাক-ব্রিগেড।
ইদানিং ভারত-পাক মহারণে রীতিমতো আধিপত্য দেখাচ্ছে টিম ইন্ডিয়ার সিনিয়র টিম। কিন্তু ছোটরা ব্যর্থ। ক’দিন আগে ইমার্জিং এশিয়া কাপেও হেরেছিল ভারতীয় দল। ছোটদের এশিয়া কাপে পুরো টুর্নামেন্ট ভালো খেলেও ফাইনালে পা হড়কাল বৈভবদের। ৩৪৮ রান তাড়া করতে নেমে আয়ূষরা ক্রিজে থিতু হতেই পারেননি। ব্যক্তিগত ২ রানে আউট ক্যাপ্টেন। অপর ওপেনার বৈভব শুরুটা ভালো করেও বড় স্কোর তুলতে ব্যর্থ। তার সংগ্রহ ১০ বলে ২৬ রান। শেষদিকে দীপেশ দেবেন্দ্র ৩৬ রান করায় কোনওক্রমে দেড়শোর গণ্ডি টপকায় দল। ভারতীয় ব্যাটারদের চেয়েও খারাপ হাল বোলারদের। কিষান সিং, দীপেশ দেবেন্দ্রনদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে রানের ইমারত গড়েছিল পাকিস্তান। ওপেনার সমীর মানহাস একাই ১৭টি চার ও ৯টি ছক্কা সহ ১১৩ বলে ১৭২ রানের ইনিংস খেলেন।
যে রানটা পুরো ভারতীয় দল মিলেও করতে পারেনি।








