টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক!
বাদ গিল, সহ-অধিনায়ক অক্ষর
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে চমক।বাদ পড়লেন খোদ সহ-অধিনায়ক শুভমান গিল।
চোটের কথা বলা হলেও,মূলতঃ অফ ফর্মের কারনেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছে বলে ওয়াকিবহল মহলের ধারনা।
আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশের মাটি ও শ্রীলঙ্কায় বসবে আইসিসির টি-২০ বিশ্বকাপের আসর। তার জন্য কাল, শনিবার দল ঘোষণা করল ‘টিম ইন্ডিয়া’। টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল। তবে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে।
তেমনই দীর্ঘদিন বাদে টি-২০ স্কোয়াডে কামব্যাক হয়েছে ঈশান কিশানের। এদিন মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে দল নির্বাচনে উপস্থিত ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। টি-২০ বিশ্বকাপে ভারতের ঘোষিত পুরো দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিশান এবং হর্ষিত রানা।








