ধূপগুড়িতে তৃণমূল মহিলা কংগ্রেসের বিশেষ সাংগঠনিক সভা
রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান পেশ
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে ধূপগুড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংগঠনিক সভা। এই সভায় জেলার ১৬টি ব্লকের মহিলা কংগ্রেসের সভানেত্রী, ৯টি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় মোট ৩০০-র বেশি মহিলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় মূলত রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান কীভাবে সাধারণ মানুষের মধ্যে আরও কার্যকরভাবে তুলে ধরা যাবে, সে বিষয়ে জনপ্রতিনিধি ও মহিলা নেতৃত্বকে দিকনির্দেশনা দেওয়া হয়।
সংগঠনের তরফে জানানো হয়, আগামী ২১ ডিসেম্বর থেকে জেলার প্রতিটি ব্লক ও বুথে তিনটি করে সভার আয়োজন করা হবে। এই সভাগুলিতে ‘উন্নয়নের পাঁচালী’ গান আকারে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ‘উন্নয়নের রথ’ প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
এদিনের মহিলা সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী নুরজাহান বেগম, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, মহিলা কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন,
“২০২৬ সালের নির্বাচনকে পাখির চোখ করে দলের নির্দেশে প্রতিটি অঞ্চলে উন্নয়নের পাঁচালী ও উন্নয়নের রথ কর্মসূচি চালানো হবে। রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই কারণেই আজ এই মহিলা সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। কর্মীদের পাশাপাশি মহিলাদেরও মাঠে-ময়দানে নেমে রাজ্য সরকারের উন্নয়ন প্রচার করতে হবে।”








