হেড-মাস্টারের শাসনে থরহরি কম্প ইংল্যান্ডের
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
এবারের অ্যাসেজের অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসগুলতো বারবার বিধ্বংসী হয়ে উঠছেন ট্রাভিস হেড। অ্যাসেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনেও নায়ক ট্রাভিস হেড। তাঁর অপরাজিত ১৪২ রানের সুবাদে চালকের আসনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে আপাতত চার উইকেটে উঠেছে ২৭১। যার মধ্যে অর্ধেকেরও বেশি রান হেডের। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে অ্যালেক্স কেরির সঙ্গে ১২২ রান যোগ করেন তিনি। কেরি অপরাজিত রয়েছেন ৫২ রানে। সার্বিকভাবে, হোমটিম এগিয়ে ৩৫৬ রানে।
৬৩তম টেস্টে ট্রাভিসের এটি ১১তম শতরান। পারথে মিডল অর্ডারের পাঁচ নম্বর পজিশন থেকে ওপেনিংয়ে তুলে আনা হয়েছিল তাঁকে। ম্যাচ-জেতানো শতরানে (১২৩) সেই আস্থার মর্যাদা দেন তিনি। অ্যাডিলেডেও কার্যত তফাত গড়ে দিচ্ছে তাঁর ইনিংস। টেস্টে ওপেনার হিসেবে পঞ্চমবার নেমেই নামের পাশে দ্বিতীয় শতরান। অবশ্য ৯৯ রানে জোফ্রা আর্চারের বলে ক্যাচ তুলেছিলেন তিনি। গালিতে হ্যারি ব্রুক তা ফেলে দেন। এই সময় টানা আটটি ডেলিভারি ৯৯ রানে আটকে ছিলেন ট্রাভিস। তারপর জো রুটের বলে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে লং-অন দিয়ে বাউন্ডারি মেরে শতরানে পৌঁছন তিনি। হাঁটু গেড়ে পিচে চুম্বনের মাধ্যমে সারেন সেলিব্রেশন। উল্লেখ্য, অ্যাডিলেডে এটা ট্রাভিসের টানা চতুর্থ টেস্টে শতরান।
এদিন লাঞ্চের আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে ২৮৬ রানে। নবম উইকেটে জোফ্রা আর্চারের সঙ্গে ১০৬ রান যোগ করেন বেন স্টোকস। ইংল্যান্ডের ক্যাপ্টেন স্টোকস করেন ৮৩। আর্চারের সংগ্রহ ৫১। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন ক্যাপ্টেন প্যাট কামিন্স (৩-৬৯) ও স্কট বোল্যান্ড (৩-৪৫)। অফস্পিনার নাথান লিয়ঁ ৭০ রানে দুই উইকেট নেন। বাকি উইকেট ভাগ করেন মিচেল স্টার্ক (১-৬১) ও ক্যামেরন গ্রিন (১-৩৩)।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। জেক ওয়েদারল্যান্ড (১), মার্নাস লাবুশানে (১৩) রান পাননি। গ্রিনও ফের ব্যর্থ (৭)। উসমান খাওয়াজার সংগ্রহ ৪০। ১৪৯ রানে চার উইকেট পড়ে যায়। সেখান থেকে ট্রাভিস-অ্যালেক্স জুটিই এগিয়ে নিয়ে যান অজিদের স্কোরবোর্ড।উল্লেখ্য, অ্যাসেজে এখন ২-০ এগিয়ে অজিরা।
আর যা গতিপ্রকৃতি এই টেস্টটাও জিতে সিরিজ পকেটে পুরবে হয়তো অজিরা!








