শূন্য রানে ফিরলেন কোটিপতি ক্রিকেটার,সুযোগ কাজে লাগালেন উসমান খোয়াজা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ
আগেরদিনই হয়েছিলেন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার।কিন্তু পরদিনই হতাশ করলেন।অ্যাশেজে ০ রানে ফিরলেন ক্যামেরন গ্রিন।
তবে ঘরের ৫৬,২৯৮ জন ক্রিকেটপ্রেমীকে হতাশা থেকে বাঁচালেন শতরানকারী অ্যালেক্স কেরি। তাঁর দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের তৃতীয় টেস্টে লড়াকু স্কোর খাড়া করল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে আট উইকেটে ৩২৬ তুলেছে হোমটিম। আটটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো কেরির ১০৬ রানই সচল রাখে স্কোরবোর্ড।
বড় রান পেয়েছেন উসমান খোয়াজাও (৮২)। অথচ, তাঁর খেলার কথাই ছিল না। অ্যাসেজের প্রথম দুই টেস্টের অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ খেলতে না পারায় দলে আসেন তিনি। অসুস্থতার জন্য ছিটকে যান স্মিথ। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগান খোয়াজা। চার নম্বরে নেমে উপহার দেন লড়াকু ইনিংস। তবে বাকিরা পুরোপুরি ব্যর্থ। ট্রাভিস হেড (১০), জেক ওয়েদারল্যান্ড (১৮), মার্নাস লাবুশানে (১৯) বাইশ গজে থিতু হতেই পারেননি। জস ইংলিশ করেন ৩২। চোট সারিয়ে দলে ফেরা ক্যাপ্টেন প্যাট কামিন্সের ব্যাটে আসে ১৩। দিনের শেষে ক্রিজে আছেন মিচেল স্টার্ক (৩৩) ও নাথান লিয়ঁ (০)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম জোফ্রা আর্চার (৩-২৯)। ব্রাইডন কার্স (২-২০), উইল জ্যাকস (২-১০৫), জশ টং (১-৬৩) বাকি উইকেট ভাগ করে নেন। সিডনির বন্ডি সমুদ্রসৈকতে হত্যালীলার প্রতিবাদ হিসেবে এই টেস্টে দু’দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে খেলছেন। মাঠে দুই দলের পতাকাও অর্ধনমিত থাকে। ম্যাচ শুরুর আগে পালিত হয় নীরবতা।
এখন দেখার বোলার থেকে ব্যাটারও বনে যাওয়া মিচেল স্টার্ক কতটা টানতে পারেন!








