কুয়াশায় বাতিল ভারত-দক্ষিন আফ্রিকা ম্যাচ,সিরিজের ফয়সালা শেষ ম্যাচেই
এম.রহমানঃ লক্ষ্ণৌ:
কাল জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলতো সূর্যকুমারের দল।
কিন্তু একানা স্টেডিয়ামে অবাক করা কান্ডে হল না ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে কাঁটা হয়ে দাঁড়ালো কুয়াশা!হ্যাঁ,কুয়াশাতে ম্যাচ বাতিল।যেহেতু লিমিটেড ওভারের খেলা সাদা বলে হয়,আর ঘন কুয়াশায় সাদা সে বল সেভাবে দেখাও যাচ্ছিল না,ফলে পিচ পরিদর্শনের পর পরিদর্শন করে ম্যাচ বাতিল ঘোষনা করতে বাধ্য হন আম্পায়াররা।
ডিসেম্বরের প্রবল ঠান্ডায় উত্তর ভারতে যে রাতের বেলা কুয়াশা কমা অসম্ভব, তা জেনেও কেন সেখানে ম্যাচ ফেললো বিসিসিআই তা নিয়ে প্রশ্ন উঠবে।
আর সঙ্গত কারনেই প্রশ্ন উঠছেও এই সিরিজের ভেন্যু নিয়ে। মুল্লানপুর, ধরমশালার পর লখনউ— বছরের এই সময়ে কেন উত্তর ভারতেই দেওয়া হল ম্যাচ? ন্যূনতম ক্রিকেটবুদ্ধিও কি নেই বোর্ডকর্তাদের? অনায়াসেই তো দক্ষিণ ভারতের ভেন্যুতে দেওয়া যেত ম্যাচ। তাতে অন্তত কুয়াশার কারণে ম্যাচ বাতিল হত না! অবশ্য বোর্ডের পাইয়ে দেওয়ার রাজনীতিতে রোটেশন পদ্ধতিই গুরুত্বপূর্ণ, তাতে ম্যাচ না হলেই বা কি!
অতীতে নানা আজব কারণে বন্ধ থেকেছে বাইশ গজে ক্রিকেট। গত বছর সেঞ্চুরিয়নে এই দু’দলের টি-২০ ম্যাচই মাঠে পোকার আক্রমণে আধঘণ্টা বন্ধ ছিল। মৌমাছির হানায়ও একই ঘটনা ঘটেছিল দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচে। এমনকী, ক্রিজে শিখর ধাওয়ানের চোখে সরাসরি রোদ পড়াতেও থমকেছে খেলা। মুম্বইয়ে সূর্যগ্রহণের জন্য ভারত-ইংল্যান্ড টেস্টের রেস্ট ডে এগিয়ে আনা হয়েছিল ১৯৮০ সালে। ইংল্যান্ডে আবার তুষারপাতের জন্য খেলা বন্ধের উদাহরণও রয়েছে। মাঠে কখনও শজারু, কখনও সাপ ঢুকে পড়াও বাধা হয়ে উঠেছে। এই তালিকাতেই যোগ হল কুয়াশার নাম। এয়ার কোয়ালিটি ইনডেক্সও ছিল ভয়ধরানো, প্রায় ৪০০। হার্দিককে দেখা গেল মাস্ক পরে গা ঘামাচ্ছেন। কুয়াশা নয়, এ যেন ধোঁয়াশার খেলা।
এরই মধ্যে শুভমান গিলের পায়ের চোট নিয়ে বাড়ছে জল্পনা। মঙ্গলবার নেটে নাকি তিনি চোট পেয়েছেন। যদি এদিন খেলা হতো, তাহলে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেত সঞ্জু স্যামসনকে। শুক্রবারও সম্ভবত খেলবেন না তিনি। অনেকেই মনে করছেন, সমালোচনার বিধ্বস্ত গিলকে আড়াল করতেই চোটের কাহিনি ছড়ানো হচ্ছে। এটাও পরিষ্কার যে ২-১ এগিয়ে থাকা ভারত সিরিজে অন্তত হারছে না।
যাইহোক কুয়াশাতে বাঁধা প্রাপ্ত ভারত সিরিজ জয়ের বন্দরে পৌঁছাতে পারে, নাকি ধাক্কা খাবে সেটা ১৯ তারিখ পরিষ্কার হয়ে যাবে।








