শেষ হল ‘গোট ট্যূর’,আতিথেয়তায় মুগ্ধ মেসি আবার ভারতে আসবেন!
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ
হ্যাঁ,তাঁকে ঘিরে বিশৃঙ্খলা হয়েছে এটা ঠিক।তবে সেই বিশৃঙ্খলা ছিল একপ্রকার আবেগের বিস্ফোরণ, এটা অস্বীকার করার জায়গা নেই।তবে কলকাতার এই ঘটনা বাদ দিলে মেসির ভারত সফর বেশ ভালোভাবেই কাটলো বলা যায়।তাইতো ফেরার আগে আবার আসার আশ্বাস দিয়ে গেলেন।
গত শনিবার ভোররাতে কলকাতায় পা রেখেছিলেন আর্জেন্তাইন মহাতারকা। যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার জেরে মাত্র ১৮ মিনিটেই স্টেডিয়াম ছেড়েছিলেন লিও। আর্জেন্তাইন মহাতারকাকে দেখতে না পেয়ে গোটা স্টেডিয়াম তছনছ করেছিলেন অনুরাগীরা। যার জেরে গ্রেফতার হন ‘গোট ট্যুর’এর মূল আয়োজক শতদ্র দত্ত। এরপর হায়দরাবাদ, মুম্বই হয়ে সোমবার দিল্লিতে পা রাখেন মেসি। কলকাতা ছাড়া বাকি শহরের উষ্ণতা তাঁর ভালো লেগেছে। তাই সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ছাড়ার আগে জানিয়ে গেলেন, ফের ভারতে আসবেন। লিও বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা সঙ্গে নিয়েই ফিরে যাচ্ছি। অল্প সময় হলেও গত কয়েকদিন কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের কাছে ছিল এক নতুন অভিজ্ঞতা। কথা দিচ্ছি, আমরা আবার আসব। হয়তো কোনও ম্যাচ খেলতে।’
সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা ছিল মেসির। তবে কুয়াশার কারণে অনেক দেরিতে দিল্লি পৌঁছয় তাঁর বিমান। ততক্ষণে জর্ডনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তাই হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান সেরে সরাসরি অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছোন মেসি, সুয়ারেজ ও রডরিগো ডে পল। শুরুতে প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণকারী দু’দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলাল ও ছবি তোলেন তিন তারকা। সেখানেই হাজির ছিলেন ভারতীয় মহিলা ফুটবল দলের অন্যতম সদস্যা অদিতি চৌহান। এরপর গ্যালারির উদ্দেশ্যে বেশ কয়েকটি বল মারেন মেসি-সুয়ারেজরা। একইসঙ্গে খুদে ফুটবলারদের সঙ্গে যোগ দেন ফুটবল ক্লিনিকে। মাঠের মধ্যেই তৈরি মঞ্চে তিন তারকা ফুটবলারের হাতে ভারতীয় টি-২০ দলের জার্সি ও ক্রিকেটারদের সই করা একটি ব্যাট তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। দেওয়া হয় আগামী টি-২০ বিশ্বকাপের টিকিট। আর সবার শেষে দেখা করেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। পরে সুয়ারেজের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় পাহাড়ি বিছেকে। বিকাল ৫-০৫ নাগাদ স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান মেসি। রাতে প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মেসি। শোনা যাচ্ছে, ভারত ছাড়ার আগে গুজরাতের জামনগরে অনন্ত আম্বানির বনতারা ঘুরে যাবেন আর্জেন্তাইন মহাতারকা।
সবমিলিয়ে কলকাতা বাদ দিলে ‘গোট’ এর ট্যূর ভালোই কাটলো।








