কীভাবে জানবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না
নতুন পয়গাম, কলকাতা:
পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। ১১ ডিসেম্বর পর্যন্ত চলেছিল ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা ফর্ম জমা দেওয়ার কাজ। রাজ্যের সর্বত্র বিএলও-রা সংগ্রহ করা ফর্ম নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করেছেন। এবার প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আসবে এই তালিকা, আর সাধারণ মানুষ জানতে পারবেন নতুন খসড়া লিস্টে তাদের নাম রয়েছে কি না।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই খসড়া তালিকা দেখা যাবে। অনলাইনে দেখতে হলে প্রথমে যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর দিলেই জানা যাবে তালিকায় নাম রয়েছে কি না। পাশাপাশি সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, জেলা নির্বাচনী অফিসারের ওয়েবসাইট বা ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও খসড়া লিস্ট চেক করা যাবে।
তবে অনলাইনে অসুবিধা হলে চিন্তার কারণ নেই। প্রতিটি এলাকার বিএলওর কাছে থাকবে খসড়া তালিকার হার্ড কপি। সরাসরি তাঁদের কাছে গিয়ে দেখা যাবে নিজের নাম উঠেছে কিনা। এছাড়াও রাজনৈতিক দলের অনুমোদিত বুথ লেভেল এজেন্ট বা বিএলও-দের কাছেও থাকবে তালিকার কপি, যাতে সাধারণ মানুষ প্রয়োজন হলে তাঁদের সাহায্য নিতে পারেন।
যাদের নাম খসড়া তালিকায় নাও থাকতে পারে, তাদের জন্য নির্বাচন কমিশন আলাদা একটি বাদপড়া তালিকা প্রকাশ করবে। কেউ মনে করলে যে ভুলবশত নাম বাদ পড়েছে বা সংশোধনের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ বা আবেদন জানানো যাবে। এরপর শুরু হবে শুনানির পর্যায়, যা চলবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।








