ক্লাব জোটের কাছে নতিস্বীকার করলেও, লিগ আয়োজন করতে দিতে নারাজ ফেডারেশন
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
প্রবল চাপে ভারতীয় ফুটবল ফেডারেশন। একদিকে এফএসডিএলের সরে যাওয়া,অপরদিকে ক্লাবগুলোর অনবরত চাপ;ফলে কোণঠাসা ফেডারেশন।
তা ছাড়াও রোডম্যাপ নেই। ফুটবল বন্ধ। অচলাবস্থায় তিতিবিরক্ত বিভন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে লিগ আয়োজন করতে ক্লাবগুলি নিজেরাই বদ্ধপরিকর। তা স্পষ্টভাবে বলাও হয়েছে। তবে বাস্তবে তা আদৌ কী সম্ভব? সূত্রের খবর, জোটের প্রস্তাবে ফেডারেনের রাজি হওয়া কার্যত অসম্ভব। কমার্শিয়াল রাইটস বিক্রি করে এতদিন এফএসডিএলের কাছ থেকে বছরে ৫০ কোটি টাকা পেয়েছে এআইএফএফ। যাবতীয় খরচ চালানো হতো সেই ফান্ড থেকে। ক্লাবজোট লিগ আয়োজন করলে ফেডারেশনের অস্তিত্ব বিপন্ন হতে বাধ্য। তাছাড়া অবনমন, রেফারি পোস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠবেই। তাই কোনওভাবেই এই উদ্যোগকে মান্যতা দিতে নারাজ ফেডারেশন। সেক্ষেত্রে বিকল্প কী? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রাথমিক হস্তক্ষেপ করলেও আদালতে কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই জল মাপছে ফেডারেশন। রাজধানীর ফুটবল হাউসের খবর, শেষ পর্যন্ত এফএসডিএলকে অনুরোধ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে, পরিস্থিতি ব্যাখ্যা করে জোটকে ই-মেল করেছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। কিন্তু কার্যকরী সমিতির সঙ্গে কোনও আলোচনা করেননি তিনি। ব্যাপক ক্ষুব্ধ ফেডারেশন কর্তারা তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। বেশ কয়েকটি রাজ্য সংস্থাও চরম বিরক্ত। এই সব বিষয় নিয়েই এজিএমে ঝড় তুলতে পারেন তারা।সবমিলিয়ে ভারতীয় ফুটবলে কালো অধ্যায় চলছে,বলাই যায়!








