হার্দিক পান্ডিয়ার নতুন ‘লাকি চার্ম’ মাহিকা, দিলেন ম্যাচ জয়ের কৃতিত্বও
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ
হার্দিন পান্ডিয়ার জীবনচক্র দেখে বিখ্যাত গায়ক কিশোর কুমারের একটা গানের লাইন মনে পড়ছে-
“নারী চরিত্র বেজায় জটিল,কিছুই বুঝতে পারবে না…”
সত্যিই বেজায় জটিল।একজন নারী হার্দিকের জীবন লন্ডভন্ড করে দিল,আবার অন্য নারীই গুছিয়ে দিল সেই অগোছালো জীবন।
চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ব্যাটে ঝড় তুলেছেন হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার বরাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয়ের কারিগর তিনিই।
তবে এরজন্য বান্ধবী মাহিকা শর্মাকে কৃতিত্ব দিলেন হার্দিক। বিসিসিআই টিভি’তে দেওয়া সাক্ষাৎকারে বরোদার অলরাউন্ডার বলেছেন, ‘চোট মানসিক কাঠিন্যের পরীক্ষা নেয়। তখন নিজের মনে মধ্যে নানা রকম সংশয় তৈরি হয়। সফল প্রত্যাবর্তনের নেপথ্যে কৃতিত্ব আমার প্রিয়জনদের। তার মধ্যেও আলাদাভাবে বান্ধবীর কথা বলতেই হয়। মাহিকা আমার জীবনে আসার পর থেকে সবকিছু ভালো হচ্ছে। ওর উপস্থিতি বদলে দিয়েছে সবকিছু। রাঙিয়ে দিয়েছে আমার জীবন।’
গত বছর নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে হার্দিকের। তবে তাঁরা যৌথভাবে সন্তান অগস্ত্যকে বড় করার সিদ্ধান্ত নেন। আর এবছরের অক্টোবরে প্রথমবার হার্দিককে দেখা যায় মাহিকার সঙ্গে। পরে সমুদ্রসৈকতে দু’জনের ছুটি কাটানোর ছবিও প্রকাশ্যে আসে। হার্দিক অবশ্য মঙ্গলবারই বান্ধবীর পাশে দাঁড়িয়ে পাপারাৎজিদের একহাত নিয়েছিলেন। তারপরই ম্যাচের সেরা হয়ে তার কৃতিত্ব দিলেন মাহিকাকে। ৩২ বছর বয়সি তারকা একইসঙ্গে বলেছেন, ‘আরও শক্তিশালী ও দক্ষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাই ছিল লক্ষ্য। যে পরিশ্রম করেছি, তাতে নিজের প্রতি বিশ্বাস বেড়েছে। নিজের স্কিলের প্রতি ভরসাও রয়েছে, যা সফল হওয়ার জন্য খুব প্রয়োজন। নাহলে অন্যরা কীভাবে ভরসা রাখবে?’ ফেব্রুয়ারিতে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ভারত। সেখানে ব্যাটে-বলে এমন আত্মবিশ্বাসী হার্দিককেই চাইছে শিবির।
তিনি অবশ্য বাইরের দুনিয়ার আলোচনাকে গুরুত্ব দেন না একেবারেই। হার্দিকের কথায়, ‘সৎভাবে বাঁচার চেষ্টা করি। রং চড়িয়ে কিছু করি না। অন্যদের কথা শুনে নয়, নিজে যেটা ঠিক মনে করি, সেটাতেই অনড় থাকি। আর আমি এখন এভাবেই খেলতে চাই। মাঠে প্রতিটা সেকেন্ড উপভোগ করাই লক্ষ্য।’
২০২৪ আইপিএলে গুজরাত টাইটান্স থেকে এসে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছিলেন তিনি। এজন্য ওয়াংখেড়েতে ম্যাচের সময় দর্শকদের বিদ্রুপও সহ্য করতে হয়েছে তাঁকে। হার্দিক সেই প্রসঙ্গে হাসির ছলে বলেছেন, ‘জীবন আমার দিকে প্রচুর লেবু ছুড়ে দিয়েছে। আমি সেটা থেকে লেমোনেড বানানোর কথা ভেবেছি। মাঠে যখনই নামি, টের পাই দর্শকরা আমার ব্যাটিং দেখার জন্য অপেক্ষারত। ওদের থেকেই এনার্জি পাই আমি।’
এখন দেখার হার্দিকের জীবন কোন খাতে বয়।








