ম্যাস সিটিকে হারাতে মরিয়া মাদ্রিদ, ধোঁয়াশা এমবাপেকে নিয়ে
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
এবারের বিশ্বকাপে একই গ্রুপে আর্লিং হালান্ডের নরওয়ে এবং
কিলিয়ান এমবাপের ফ্রান্স। যেটাকে ‘গ্রুপ অফ ডেথ’ও বলা হচ্ছে। সেখানে কে কাকে টক্কর দেবে তার চুলচেরা বিশ্লেষণও শুরু হয়ে গেছে।তবে তার একটা আঁচ পাওয়া যাবে আজ রাতে।দেশের জার্সিতে একে অপরের বিরুদ্ধে নামার আগেই ক্লাব ফুটবলে মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে বর্তমান বিশ্ব ফুটবল আঙিনায় এই দুই তারকা ফরোয়ার্ডের। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। ফলে তাঁর চোট নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। রিয়াল শিবির থেকে অবশ্য এই নিয়ে কিছু জানানো হয়নি। বুধবার প্রথমবারের জন্য স্ট্র্যাটেজির লড়াইয়ে নামছেন প্রাক্তন গুরু-শিষ্য। বায়ার্ন মিউনিখে থাকাকালীন পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণে দু’বছর খেলেছেন জাবি আলোন্সো। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্বে। তাই বুধবার স্ট্র্যাটেজির লড়াইয়ে প্রাক্তন কোচকে টেক্কা দিতে মুখিয়ে ভিনিসিয়াসদের হেডস্যার।
ইউরোপ সেরার আসরে অতীতে ১৪বার একে অপরের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। পাঁচবার জিতেছে রিয়াল। আর চারবার সিটিজেনরা। গতবার প্লে-অফের লড়াইয়ে দু’লেগেই শেষ হাসি হাসে ‘লস ব্ল্যাঙ্কোস’। প্রতিটি ম্যাচেই রিয়ালকে টানেন এমবাপে। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে ফরাসি তারকা। ইতিমধ্যেই ৫ ম্যাচে ৯টি গোল রয়েছে তাঁর নামের পাশে। তাই বুধবার এমবাপে না খেললে তা রিয়ালের জন্য বড় ধাক্কা।ধাক্কা সমর্থকদের জন্যও,কারন তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে-বিশ্বমঞ্চ কার দখলে তার আঁচ পেতে।








