অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
জয়নগরে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জয়নগর থানার কামারিয়া এলাকার বাসিন্দা রাকিব পিয়াদা ৮ মাস আগে প্রেম করে বকুলতলা থানা এলাকার ১৬ বছরের নাবালিকা ফিরদৌস মোল্লাকে বিয়ে করেন। বিবাহের পর থেকেই পরিবারের নানা বিষয় নিয়ে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ফিরদৌস।
রবিবার দুপুরেও দু’জনের মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে। এরপর বিকেলে শোবার ঘর থেকে ফিরদৌসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হলে পুলিশ স্বামী রাকিব পিয়াদাকে রবিবার রাতেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে রাকিবের ৫ দিনের পুলিশ হেফাজত চেয়েছে তদন্তকারী অফিসাররা। পুলিশের দাবি, হেফাজতে নিয়ে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর নেপথ্যে অন্য কোনও দিক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
মৃতদেহ সোমবার পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে।








