“আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা: নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এ বি পি টি এ) যৌথ উদ্যোগে “আক্রান্ত সাধারণের শিক্ষা,এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা রবিবার অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে । উক্ত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও শিক্ষাবিদ অঞ্জন বেরা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুই সংগঠনের সদস্যবৃন্দ সহ সাধারণ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ কাজিম আলী ও সুকান্ত সিকদার। সভা সূচনার পূর্বে প্রখ্যাত সংগীত শিল্পী আশা ভোঁসলে ,অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় সহ যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় ।
সভার শুরুতে এবিটিএ -র জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ সাধারণের শিক্ষা ও শিক্ষক ও শিক্ষাকর্মিদের পেশাগত দাবিতে এবিটিএ এবং এবিপিটিএ এর দীর্ঘ লড়াই -সংগ্রাম সংক্ষেপে তুলে ধরেন। বিগত বামফ্রন্ট সরকার সমিতির দাবি মেনে শিক্ষাকে গ্রামগঞ্জে প্রসারিত করেছিল। সেই সঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মিদের পেশাগত ও আর্থিক দাবিকে মান্যতা দেয়। কিন্তু বর্তমান রাজ্য সরকার ১৫বছরে সেই সাধারণের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে চলেছে।
সভার প্রধান আলোচক বিশিষ্ট অধ্যাপক অঞ্জন বেরা বর্তমান সময়ে সাধারণ শিক্ষার উপর নানাবিধ আক্রমণ, শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ, শিক্ষাকে পণ্যে পরিণত করার অপচেষ্টা এবং শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আক্রমণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষা শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি একটি মৌলিক অধিকার— এই অধিকার রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাধারণ জনস্বার্থ বিরোধী নানা নীতিগত পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জন্য শিক্ষালাভ ক্রমশ কঠিন হয়ে উঠছে। শুধু তাই নয় এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পেশা এক ভয়ঙ্কর ঝুঁকির সম্মুখীন । এই পরিস্থিতিতে শিক্ষক সমাজ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। সভায় ৫১ ইংলিশবাজার কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী অম্বর মিত্র শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মিদের বামফ্রন্ট প্রার্থীদেরকে জয়ী করার আহ্বান জানান। আলোচনা সভার শেষ পর্বে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার সভাপতি সুকান্ত শিকদার সভার সমাপ্তি ঘোষনা করেন।








