শামির ৩ উইকেট, তথাপিও থেমে গেল বাংলার জয়রথ
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
সৈয়দ মুস্তাক আলি টি-২০’তে হঠাতই ছন্দপতন। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পুদুচেরির বিরুদ্ধে ১০০ রানের গন্ডিও টপকাতে পারলো না বাংলা। প্রত্যাশার ফানুসে পিন ফুটিয়ে দিল পুদুচেরি। শনিবার হায়দরাবাদে গুরুত্বপূর্ণ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে মুখ থুবড়ে পড়ল বঙ্গ ব্রিগেড। ৮১ রানের বিশাল হারে প্রবল চাপে টিম বাংলা।
এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান খাড়া করে পুদুচেরি। মহম্মদ শামি ৩৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। জবাবে, ১৫ ওভারও টিকতে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরনরা। মাত্র ১৩.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় বাংলা। একমাত্র করণ লাল (৪০) ছাড়া বাকিরা পুরোপুরি ব্যর্থ। জয়ন্ত যাদব তুলে নেন ৪ উইকেট। পাশাপাশি ৯ রানে ৩ উইকেট নেন সিদাক সিং। এই দুই বোলারের দাপটে ছত্রখান বাংলার ব্যাটিং। এমন লজ্জার হার কট্টর সমর্থকদেরও ভাবনার বাইরে।এখন দেখার এই পরবর্তী রাউন্ডে যেতে বাঁধা সৃষ্টি করে কিনা!








