সবুজ বার্তার উদ্যোগে ৪র্থ সাগরদিঘী সাহিত্য উৎসব
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
সাহিত্য, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার অপার আবেগে রাঙিয়ে উঠল সাগরদিঘী। ৭ই ডিসেম্বর রবিবার সাগরদিঘী ব্লক কমিউনিটি হলে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো ‘৪র্থ সাগরদিঘী সাহিত্য উৎসব’। সবুজ বার্তা সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এই উৎসব এদিন পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মহোৎসবে।
উৎসবের সূচনা হয় আদিবাসী নৃত্যের তালে বিশেষ শোভাযাত্রার মধ্য দিয়ে। উদ্বোধন করেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুজাতা বাগচী ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক প্রথিতযশা কবি-সাহিত্যিকের অংশগ্রহণে উৎসবস্থল এক আবেগঘন মিলন কেন্দ্র হয়ে ওঠে। দিনভর কবিতা পাঠ, নৃত্য-সংগীত, মোকাভিনয়, নাটক, মাউথ অর্গান পরিবেশনা, বক্তব্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে থাকে পরিবেশ।
এদিন আটজন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় ‘গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা’। পাশাপাশি কবি, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দেওয়া হয় সবুজ বার্তা সম্মাননা।
সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রাহমাতুল্লাহ বলেন, “সাগরদিঘী ঐতিহাসিক পিঠস্থান। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। সমাজে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা যত বাড়বে, সমাজ তত উন্নত হবে।” তিনি আরও জানান, গত চার বছর ধরে নিয়মিতভাবেই সবুজ বার্তার আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
সাগরদিঘীর ওসি সুমিত বিশ্বাস সাহিত্য উৎসবের সাফল্য কামনা করে জানান, জানুয়ারিতেই সাগরদিঘীতে বইমেলার আয়োজন করা হবে।

উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি ও বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান, প্রধান অতিথি খাদেম আহমেদ, অধ্যাপক সপ্তর্ষি সাহা, ওসি সুমিত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, অভিনেতা রবিন দত্ত, শচীন পাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান, মঙ্গলচন্দ্র দাস ও সাইফুল ইসলাম।
সাহিত্য, সংস্কৃতি আর সম্প্রীতির বার্তায় এদিন সাগরদিঘী সাহিত্য উৎসব প্রমাণ করল-সৃষ্টিশীলতার আলো কখনো নিভে যায় না।








